ছবির ক্যাপশন:
সরোজগঞ্জের অনুষ্ঠানে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে বড় পরিসরে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রধানমন্ত্রীর জন্মদিনের দোয়া ও আলোচনা সভায় আসেন। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা (এনডিসি, সিআইপি)।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা কথা নয়, কাজে বিশ্বাসী। লক্ষ্য অর্জনে কখনও পিছপা হননি তিনি। তাঁর অক্লান্ত প্রয়াসে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ দেশের উন্নয়ন ও সমৃদ্ধি আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। ২০২১ সালে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ ও ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ আমরা এক সঙ্গে উদ্যাপন করছি। এ বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনও পালন করছি। তিনটি বিষয়ই বাঙালি ও বাংলাদেশের জন্য গৌরব আর অহংকারের বিষয়।
প্রধান বক্তার বক্তব্যে এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি ও বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তাঁর নেতৃত্বে বাঙালি জাতি আজ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে। ৭৫ বছর বয়সেও রাষ্ট্র পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে চলেছেন। দেশের প্রতিটি খাত নিয়ে তাঁর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনা অনুযাযী তিনি এগিয়ে চলেছেন। এছাড়া জননেত্রী শেখ হাসিনার মতো এতো সফল রাষ্ট্রনায়ক এই উপমহাদেশে আর কেউ নেই। তিনি আমাদের মাঝে বহুবছর বেঁচে থাকুক এবং এই বাংলাকে এগিয়ে নিয়ে যাক আরও উচ্চ মর্যাদায়। আর আমরা যেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০০ তম জন্মবার্ষিকী উদ্যাপন করতে পারি সৃষ্টিকর্তার সেই প্রার্থনা রইলো। এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা প্রধানমন্ত্রীর বিচক্ষণতার উদাহরণ দিয়ে আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বিদেশ সফরে গেছি। তাঁর প্রত্যেকটি কাজ খুব কাছ থেকে দেখেছি। তিনি সত্যিই একজন বিচক্ষণ নেতা। সবদিকে তাঁর খেয়াল আছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জানিফ। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
