ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহান ইসলাম (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দর্শনা পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া নতুনপাড়ার শাহিদুল ইসলামের ছেলে। সোহান পেশায় একজন লেড মিস্ত্রি ছিল।
জানা যায়, দর্শনা হাজিপাড়ার মালেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদ মেশিনে কাজ করতো সোহান। দুপুরে ওয়ার্কশপের মোটরসাইকেল নিয়ে বাড়িতে খাবার খেতে যাচ্ছিল। পথের মধ্যে দর্শনা পেট্রোলপাম্পের সামনে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোহান। এসময় মোটরসাইকেলে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি উল্টে রাস্তার ওপর আছড়ে পরে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যাক্ষদর্শী ট্রাকচালক হিমেল বলেন, ‘ট্রাকের মেরামতের জন্য লেদের দোকারে ট্রাক রেখে দাড়িয়ে ছিলাম। এসময় হঠাত দেখি একটি মোটরসাইকেল দ্রুত গতীতে চলন্ত অবস্থায় পেট্রোল পাম্পের সামনে হঠাৎ করেই উল্টে যায়। এসময় আমরা দ্রুত ছুটে যেয়ে তাকে উদ্ধার করে হাপনাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালের নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’
কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, ‘কয়েকজন ব্যক্তি দুপুর তিনটার দিকে সোহান নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তার ওপর আছড়ে পরেছে বলে তারা জানায়। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘মোটারসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহান নামের এক যুবকের মৃত্যুর বিষয়ে দুপুরেই জানতে পেরেছি। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’
