ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সোলার সিস্টেম এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। এ মতবিনিময় সভার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। একটি সুস্থ সবল জাতি ও উন্নত জনগোষ্ঠীর জন্য সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করতে হবে। খেলাধুলার ব্যবস্থা করাসহ মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শাহ আলম সনি, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হাসান, সাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে উপকাভোগীদের মধ্যে লেডিস বাইসাইকেল ২৮টি, সেলাই মেশিন ১০টি, স্ট্রিট সোলার সিস্টেম ১০টি, স্যানেটারি ন্যাপকিন ৩ হাজার, মাস্ক ২৫ হাজার ও ৬০টি ইনফ্লোয়েড থার্মোমিটার প্রদান করা হয়।
