ছবির ক্যাপশন:
ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদ:
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার বারোয়ারী দুর্গা মন্দিরের এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে খবর পেয়ে ওই দুর্গা মন্দিরে পৌঁছান পুলিশ সদস্যরা। এ ঘটনায় ওই মন্দির কমিটির পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কী কারণে এমন ঘটনা, তার কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি হিসেবে প্রতিমা তৈরির কাজ চলছে চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ওই দুর্গা মন্দিরে। কাঁদা-মাটির তৈরি প্রতিমা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। বেলা সাড়ে তিনটার দিকে মন্দিরের লোকজন কাপড় সরালে দেখেন প্রতিমার হাতসহ বিভিন্ন অংশ ভেঙে পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস ও সদর থানার ওফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনসহ পুলিশের একাধিক দল।
পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দূর্গাপূজার প্রতিমার বিভিন্ন অংশে ছোট ছোট ভাঙন ও মাটি খোঁড়ার মতো চিহ্ন দেখা গেছে। কী কারণে এমন ঘটনা ঘটতে পারে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া শহরের সবকটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাতে ওসি জানান, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার সাধুখা, সাধারণ সম্পাদক পলাশ কুমার বসু থানায় এসে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।
খবর পেয়ে মন্দিরে ছুঁটে যান জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন সাহা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক রুদ্র দে ও সুমন বসু, মিলন সাহা, রহিতোষ অধিকারী, সুব্রত সাহাসহ দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এদিকে, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় এক প্রতিক্রিয়ায় জানান, ঠিক দূর্গা উৎসবের আগ মূহুর্তে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন হিন্দু ধর্মালম্বীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল কারণ বের করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় উৎসবে বাধা দিতে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এদিকে, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে গতকাল বিকেলে দৌলতদিয়াড় মন্দিরে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি হিন্দু ধর্মালম্বীদের নির্ভয় দিয়েছেন।
