ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় জরিনা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা ও তাসলিমা খাতুন (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল-হামদহ বাইপাস সড়কের ভুটিয়ারগাতি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন (৬২) নামের এক পথচারী বৃদ্ধা গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু ঘটে। নিহত জরিনা খাতুন পৌর এলাকার ভুটিয়ারগাতী গ্রামের তোয়াজউদ্দিন মোল¬ার স্ত্রী।
অন্যদিকে গতকাল শুক্রবার বেলা সোয়া একটার দিকে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের সোবাহান হোসেন জোয়ার্দ্দার তাঁর শ্বশুর ঝিনাইদহ পৌর এলাকার হামদহ বকুলতলার আবু বক্করের বাড়ি থেকে স্ত্রী তাসলিমাকে নিয়ে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। পথের মধ্যে তাঁরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজারের আহলে মসজিদের সামনে পৌঁছালে ব্যাটারিচালিত পাখিভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ছিটকে পড়েন তাছলিমা খাতুন। এসময় পিছন দিক থেকে আসা জিসি এক্সপ্রেসের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত তাছলিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
