ছবির ক্যাপশন:
সারাদেশে ২৪ জনের প্রাণহানি, শনাক্ত ১ হাজার ১৪৪ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে। সেময় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে। আগের দিন বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। গতকাল একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৪ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৬৮ জনে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বৃহধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল নতুন আক্রান্ত ৪ জনই সদর উপজেলার বাসিন্দা।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৯০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৮৬টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৪.৪৪ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন করে আরও ১২ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৫৭০টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৯০৮টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৬৮ জন। জেলায় বর্তমানে ১০৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১০৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ১৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
সারা দেশ:
সারা দেশে গত একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কেেমছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের শরীরে। আগেরদিন গত বুধবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যুর হয়েছিল। একই সময় নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৩৭৬ জন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২৪ জনসহ করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।
