ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা তিতুদহের গ্রীসনগর বাজার থেকে গোলাপনগর বাজার পর্যন্ত সড়কটির বেহালদশা। অত্র এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। সরেজমিনে দেখা যায় গ্রীসনগর থেকে গোলাপনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটিতে বড় বড় গর্তসহ খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে পানি জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। কৃষি নির্ভরশীল হওয়ায় এলাকার সকল কৃষিপন্য বাজারজাতকরণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারে যথাযথ উদ্যোগ গ্রহন না করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভও বিরাজ করতে দেখা যায়। প্রতিদিন সড়াবাড়ীয়া, চাঁদমারি, ছোট আড়িয়া, ছোট শলুয়া, গোবরগাড়া, খাসপাড়া, আনন্দবাজারসহ কয়েটি গ্রামের মানুষ ও স্থানীয় কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ছাড়াও মাদ্রাসা ও বড়শলুয়া নিউ মডেল কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম দূর্ভোগ পোহালেও কর্তৃপক্ষের কোন নজর নেই। এমনকি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। একজন সাধারণ পথচারী জানান, প্রায় ১০ বছর আগে সড়কটি তৈরী হয়। তারপর থেকে আর সড়কটি সংস্কার হয়নি। এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
