ছবির ক্যাপশন:
সারা দেশে ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯০১ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজর ৯০১ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮৩৯ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন ও আলমডাঙ্গা উপজেলার ১ একজন।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৮৬টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৩.৩৭ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন ২৪ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ১৭৬টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ২৩৬টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৩৯ জন। জেলায় বর্তমানে ১৪১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১৩৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। এর আগেরদিন মঙ্গলবার দেশে করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।
