ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় দোকান ও জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কুষ্টিয়া মেডিকেলে একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে। অপর ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শী হাকিমপুর গ্রামের আরব আলী লস্কর জানান, গত শনিবার শৈলকুপা বাজারে কাঁচামালের দোকান দেওয়াকে কেন্দ্র করে হাকিমপুর গ্রামের সেলিম লস্করের ছেলে ইলিয়াস লস্করের সাথে একই গ্রামের শাহিন, রফিকুল ও আশিকের সাথে বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাত ৮টার দিকে হাকিমপুর বাজারে প্রতিপক্ষরা সেলিম লস্কর (৬০) ও তাঁর ছেলে ইলিয়াস লস্কর, সৌরভ লস্কর, শিশির লস্করসহ ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাঁদের মধ্যে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে শিতালী ডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় আজিজুল নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আজিজুল আহত হন। তাকে গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে মারা যান।
জানা গেছে, সোমবার দুপুরে ১ নম্বর ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামে মাত্র তিন ফুট জমি নিয়ে শরিকদের সঙ্গে বিরোধে আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করে একই শরীকের লোকজন। এঘটনায় আজিজুল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর ও শিতালীডাঙ্গা গ্রামে দোকান ও জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় একজন নিহত ও কয়েক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হবে বলে তিনি জানান।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখ খুঠিপাড়া গ্রামে আলম ও ছব্দুল মণ্ডল সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুইজন আহত হয়েছে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন।
