ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম সুমিরদিয়া গ্রামের কলোনী পাড়ার মৃত খেলাফত শেখের ছেলে। তিনি পেশায় আলমসাধু চালক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে নিজের আলমসাধু দুর্ঘটনায় দুই পা ভেঙে যায় সাইফুলের। অভাব-অনটনের কারণে পায়ের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকায় ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান সাইফুল। তাঁর গলাই আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
