স্যামসাং শো-রুমে নকল পণ্য বিক্রি!

আপলোড তারিখঃ 2021-09-14 ইং
স্যামসাং শো-রুমে নকল পণ্য বিক্রি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: শো-রুমে নকল পণ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় স্যামসাং শো-রুমের ম্যানেজার ইফতেখার আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার এক ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করেন। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার পেয়েছেন অভিযোগকারী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ অর্থ অভিযোগকারীর হাতে তুলে দিয়েছেন। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মালিক টাওয়ারে অবস্থিত স্যামসাং শো-রুমের ম্যানেজার ইফতেখার আহমেদ কিছুদিন আগে ফ্রিজ বিক্রির সময় একজন ক্রেতার কাছে একটি স্যামসাং স্ট্যাবিলাইজারও বিক্রয় করেন। পরে ক্রেতা সেটি বাসায় সেট করার পর দেখেন কোনো কাজ করছে না। গত রোববার ওই ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। গতকাল সোমবার সরেজমিন তদন্ত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। তদন্তে দেখা যায়, স্যামসাং স্ট্যাবিলাইজারটি নকল। স্যামসাং-এর বাজারজাতকারী ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং-এর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হন সহকারী পরিচালক সজল আহমেদ। স্যামসাং-এর বাজারজাতকারী ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ভোক্তা অধিকারকে জানান, বাংলাদেশে স্যামসাং ব্রান্ডের কোনো স্ট্যাবিলাইজার তাঁরা বিক্রয় করেন না। পরে চুয়াডাঙ্গা শো-রুমের ম্যানেজার ইফতেখার আহমেদ নিজেও স্বীকার করেন প্রডাক্টটি নকল এবং অনেক বছর ধরে তিনি শো-রুমের অথোরাইজড প্রডাক্টের আড়ালে নিজস্ব ব্যবসা হিসেবে এই নকল স্ট্যাবিলাইজার উচ্চমূল্যে বিক্রয় করে আসছেন। এই অপরাধে ম্যানেজার ইফতেখার আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১০ হাজার টাকাও তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)