ছবির ক্যাপশন:
মুন্সীপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত রুপার বাজার মূল্য ২৯ লাখ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যান্যন্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান পিএসসি জানান, গত শুক্রবার রাতে জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধারমারা নদী দিয়ে ৩ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এসময় বিজিবির মুন্সীপুর বিওপির সুবেদার আব্দুল গাফফার ফোর্স নিয়ে তিনজনকে চ্যালেঞ্জ করলে তারা ৩টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ২২ কেজি ৭ শ গ্রাম রূপার তৈরি গহনা উদ্ধার করে। গহনাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে আসছিল। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
