ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় একজনসহ সারাদেশে ৫৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে নতুন ১৮ জনসহ দেশে ২৬৩৯ জন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের গত ২৪ ঘণ্টায় পুরুষের তুলনায় দ্বিগুন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এসময় দেশে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুজনের। গতকাল মেহেরপুরে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল করোনা আক্রান্ত হয়ে নতুন একজনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল জেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮৮ জন। গতকাল নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১২০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৫টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১০৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ১২.০৫ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন আরও ৩১ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩২৮ জন।
গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০.২২ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজনবাদে প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৭৩১টি, প্রাপ্ত ফলাফল ২৭ হাজার ৪৬১টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৭৮৮ জন। জেলায় বর্তমানে ২৫১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ২৩৬ জন ও হাসপাতাল আইসোলেশনে ১৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে সদর উপজেলার ২ জন ও মুজিবনগর উপজেলার ১ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১০৬ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২.৮৩ শতাংশ। নতুন আক্রান্ত ৩ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৩ জন। এর মধ্যে সদর উপজেলার ২০ জন, গাংনী উপজেলর ২৩ জন ও মুজিবনগর উপজেলার ১০ জন রয়েছে। এ পর্যন্ত মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৮ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৭ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারাদেশ:
সারাদেশে গত ২৪ গণ্টায় পুরুষের থেকে দ্বিগুন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ জন ও মহিলা ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৬৮৪ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৬৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৬ জনের মধ্যে বাসায় একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।
