ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিন শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনাকালীন সহায়তা হিসেবে ৩ শ পরিবারকে ২ হাজার ৫ শ টাকা করে নগদ অর্থ সহায়তা এবং ৯ হাজার জনকে এক বেলার রান্না করা খাবার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ৩ শ জনের মধ্যে টাকা ও খাবার দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, রেডক্রিসেন্ট আর্ত মানবতার পাশে দাঁড়ায়। ১৯১৭ সালে ও ১৯৪৪ সালে দু’বার নোবেল পুরস্কার লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। সহযোগিতার কথা মনে হলেই প্রথমেই মনে হয় রেডক্রিসেন্ট সোসাইটি। করোনাকালে অনেক কাজ করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে পানি সাল্পাই করেছে। আর্ত মানবতার সেবাই সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে রেডক্রিসেন্ট। অসহায় ৩০০ পরিবারকে নগদ ২৫০০ টাকা এবং প্রতিদিন ৩০০ মানুষকে একবেলা খাবার দেওয়া সহজ কিছু নয়। চুয়াডাঙ্গাবাসীর দুর্যোগ মোকাবিলায় রেডক্রিসেন্টকে পাশে পাবেন। সরকার জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করে যাচ্ছেন। ২০২১-২০৪১ প্রেক্ষিত পরিকল্পনায় সবাই মিলে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। কেউ পিছিয়ে থাকবে না। ধাপে ধাপে করছি। সবার ঘর বানিয়ে দিচ্ছি। থাকার জায়গা না থাকলে উন্নত জীবনের আশা কীভাবে করবেন। প্রত্যেকটি প্রতিবন্ধীর জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। ৫০টি উপজেলায় সকল বয়স্ক ও বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা রয়েছে। করোনা না হলে দেশ আরও এগিয়ে যেত। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যসেবাই সরকার খরচ করছে। করোনার টিকা বিনা মূল্যে জনগণকে দেওয়া হচ্ছে। সুবিধা পাচ্ছেন, আরও সুবিধা পাবেন। সরকারের স্বাস্থ্যবিধি মেনে চললে আরও খরচ কমে যেত। শুধু সরকারের দোষ ধরলে হবে না। নিজের দোষ আছে কি না দেখেন। আপনারা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাবেন এবং বাল্যবিয়ে দেবেন না। ১৮ বছরের পর মেয়েদের বিয়ে দেবেন। সরকার যেটা নিষেধ করবে, সেটা করবেন না। আপনারা সরকারি বিধি-নিষেধগুলো পালন করেন।
এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাহাঙ্গীর আলম ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সদস্য অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা রেড ক্রিসেন্ট সদস্য অ্যাড. এম এম শাজাহান, জেলা রেড ক্রিসেন্ট সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা রেড ক্রিসেন্ট সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, রেড ক্রিসেন্ট সদস্য অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।
সোসাইটির কর্মকর্তারা জানান, আগামী এক মাস ধরে প্রতিদিন ৩ শ জন হিসেবে জেলার করোনায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার জনকে খাদ্য-সহায়তা হিসেবে রান্না করা খাবার দেওয়া হবে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও অস্ট্রেলিয়া রেডক্রস কর্মসূচিতে আর্থিক সহযোগিতায় করেছে।
