ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা টিটিসিতে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় টিটিসি মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘দক্ষ হয়ে বিদেশ গেলে সহজেই ভালো কাজ পাওয়া যায়। ভালো কাজে ভালো বেতনও পাওয়া যায়। সেজন্য প্রশিক্ষণ নিতে হবে। শিখে যেতে হবে। যে যত বেশি দক্ষ, সে তত বেশি ভালো কাজ পাবে। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় অদক্ষ হওয়ায় ভালো কাজ পাওয়া যাচ্ছে না। ফলে ভালো বেতনও পায়না। অথচ অল্প কয়েকদিনের বিষয়, সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে গেলে ভালো বেতনের কাজ সহজেই পাওয়া যেতে পারে। ব্যাপারটাই হচ্ছে দক্ষতার।’
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রোগ্রামের আওতায় মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইন্টেন্যান্স কোর্স সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মেয়াদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে টিটিসির ট্রেড ইন্সট্রাক্টর রেখা হালদারের পরিচালনায় আরও বক্তব্য দেন ড্রাইভিং ইন্সট্রাক্টর মনিরুজ্জামান ও ইলেক্ট্রিক্যালের ইন্সট্রাক্টর আনোয়ার কবির।
এসময় চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামালসহ টিটিসির শিক্ষক ও কোর্সে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।
