ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া-সামগ্রী বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনার কারণে খেলাধুলা অনেক কমে গেছে। তবে খেলাধুলা কমালে হবে না। খেলাধুলা আরও বাড়াতে হবে। এর আগে চুয়াডাঙ্গাতে একটি বড় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছিল। যা সত্যিই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। আমারও ইচ্ছা আছে, চুয়াডাঙ্গায় আবার ওই রকম টুর্নামেন্টের আয়োজন করার।’ তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মধ্যে থাকলে মাদক এবং বাজে সঙ্গ থেকে দূরে থাকে ছেলে-মেয়েরা।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মজিবুল হক মালিক মজু, মাহাবুল ইসলাম সেলিম, ডিএফএ-এর সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হোসাইনসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ১৬টি ক্রিকেট ক্লাবে জার্সি ও ২২টি ফুটবল ক্লাবে দুটি করে ফুটবল বিতরণ করা হয়।
