রেকর্ড জয়ে ইতিহাস টাইগারদের

আপলোড তারিখঃ 2021-09-02 ইং
রেকর্ড জয়ে ইতিহাস টাইগারদের ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ২, ০, ৫, ১, ১৮, ১৭, ০, ৫, ৩, ৩, ৩*। না এটা কোনো স্কুল ছাত্রের জোড় বিজোড় গণনা নয়। এটি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ সিরিজে উদ্বোধনী ম্যাচে ব্যাটসম্যানদের রান। ১৬.৫ ওভারে ৬০ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। জবাবে ৩০ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০তে জয়ের দেখা পেল টাইগাররা। সাত উইকেটের জয়ে সিরিজে এগিয়ে রইল ১-০তে। এর আগে দশবারের দেখায় একবারও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। ইতিহাস রচনার দিনে সাকিবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৫ রান এবং বল হাতে দুই উইকেট। ফলে ম্যাচ সেরা তিনিই। আগামীকাল একই ভেনুতে বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচ। কিউই দলটি উত্তরসূরিদের লজ্জায় ডুবতে দেয়নি। তারা রানের দিক থেকে সাথী হয়েছে ২০১৪ সালে বাংলাদেশে আসা কিউই দলটির। চট্টগ্রামে সে সময় শ্রীলঙ্কার বিপক্ষে ১৫.৩ ওভারে ৬০ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। এবার আনকোরা দলটিও একই ব্যাবধানে অলআউট। ১৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করল মাত্র ৬০। সিরিজ জয়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। নিজেদের ঠিক পরের ম্যাচে নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন রানের লজ্জা দিলো টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন রানের রেকর্ডও এটা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেও এটা কোনো দলের সর্বনিম্ন স্কোর। এ দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার ৬২ রানের রেকর্ড ভাঙল এবার। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো করেনি সফরকারী দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা। টাইগারদের বোলারদের ঘূর্ণি ও স্পিডে মাত্র ৯ রানেই চার উইকেট হারায় তারা। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরান রাচিন রবীন্দ্রকে। ক্রিজ ছাড়ার আগে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তৃতীয় ওভারে উইল ইয়ংকে বোল্ড করেন সাকিব আল হাসান। ১১ বলে ৫ রান করেন এই ওয়ানডাউন ব্যাটসম্যান। চতুর্থ ওভারে জোড়া আঘাত নাসুম আহমেদের। তার শিকার কলিন ডি গ্রান্ডহোম ও টম ব্লান্ডিকে সাজঘরে ফেরান তিনি। দলের বিপদে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম ল্যাথাম। হেনরি নিকোলসকে নিয়ে ৪০ বলে ৩৪ রানের একটি জুটিও গড়েন। কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারেননি। ইনিংসের ১১তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনকে পুল করতে গিয়ে ফাইন লেগে নাসুমের তালুবন্দী হন ল্যাথাম। ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন, যা কিউইদের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ। এ ছাড়া ২৪ বলে ১৮ রান করেছেন নিকোলস। কোল ম্যাকঞ্চি রানের খাতার খোলার আগেই সাকিবের উইকেটে পরিণত হন। এরপর মোস্তাফিজুর রহমান শেষ তিন উইকেট নিয়েছেন। কাটার মাস্টারের খরচ ১৩ রান। এ ছাড়া সাকিব, নাসুম ও সাইফুদ্দিন নেন দু’টি করে উইকেট। এক উইকেট পান মেহেদী হাসান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। দু’জনই ফেরেন সমান এক রান করে। অভিষিক্ত ম্যাকঞ্চিকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে ক্যাচ হন নাঈম। অ্যাজাজ প্যাটেলের করা পরের ওভারে লিটন পড়েন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। সাত রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে এমন পিচে যেভাবে দেখেশুনে খেলা দরকার, অভিজ্ঞ সাকিব আল হাসান সেভাবেই খেলেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত দলীয় ৩৭ রানের মাথায় সাজঘরের পথ ধরেন। ৩৩ বলে দুই বাউন্ডারিতে ২৫ রান করে রবিন্দ্রর শিকার হন। তবে বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। ৩১ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। মাহমুদুল্লাহ ২২ বলে ১৪ আর মুশফিক ২৬ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড : ১৬.৫ ওভারে ৬০ (ইয়াং ৫, ল্যাথাম ১৮, নিকোলস ১৮, মেহেদী ১/১৫, নাসুম ২/৫, সাকিব ২/১০, মোস্তাফিজ ৩/১৩, সাইফ ২/৭)। বাংলাদেশ : ১৫ ওভারে ৬২/৩ (সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদুল্লাহ ১৪*; এজাজ ১/৭, ম্যাকনকি ১/১৯, রবীন্দ্র ১/২১)। ম্যান অব দ্য ম্যাচ : সাকিব আল হাসান। অভিনন্দন প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)