ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল মাজেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামীমুজ্জামান।
পরে শ্রেষ্ঠ মাছ উৎপাদনকারী হিসেবে চার উপজেলার চারজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণকারীরা হলেন- দামুড়হুদার আব্দুল আলিম, সদর উপজেলার আক্কাস আলী, জীবননগরের রবিউল ইসলাম ও আলমডাঙ্গার জাকির হোসেন।
এদিকে, বিকেলে বড় বাজার শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে বর্তমান সরকারের মৎস্য সেক্টরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
