ছবির ক্যাপশন:
গাংনীতে সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যার ঘটনা
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, গুলির খোসা ও হেলমেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মুজিবনগর উপজেরার টুঙ্গি গোপালপুর গ্রামের শমসের আলীর ছেলে সুমন হোসেন (৩৫)।
মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, নিহতের পিতার দায়ের করা মামলার আসামি হিসেবে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে গতকাল শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িতের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, গ্রেপ্তার সুমনের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত নীল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, হেলমেট ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। যে অস্ত্র দিয়ে গুলি করে খাদেমুলকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনীর গাড়াডোব মাঠের মধ্যে খাদেমুল ইসলাম (৩৫) নামের একজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। গুরুতর আহত হলেও টাকার ব্যাগ আকড়ে পড়েছিলেন খাদেমুল ইসলাম। তাঁর কাছে থাকা ৪৬ লাখ টাকা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনা টাকা ছিনতাই না ভাড়াটে খুনিরা তাঁকে হত্যা করেছে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে আসছিল। তবে আসামিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ।
