দেশে টানা দুই মাস পর করোনায় মৃত্যু একশ’র নিচে

আপলোড তারিখঃ 2021-08-29 ইং
দেশে টানা দুই মাস পর করোনায় মৃত্যু একশ’র নিচে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে নতুন ২১ জন করোনা আক্রান্ত, মৃত্যু নেই নিজস্ব প্রতিবেদক: টানা দুইমাস পর করোনায় একশর নিচে মৃত্যু দেখলো দেশ। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৪ হাজার ৮৬১ জন। এদিকে, চুয়াডাঙ্গায় টানা পাঁচদিন ধরে করোনায় কোন মৃত্যু হয়নি। তবে গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একদিনে নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৪ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তবে উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলো জোনে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৪৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১২৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১২.৫৮ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১০ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন, দামুড়হুদা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে নতুন করে ১০৭ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৯৮৯ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২.৫৮ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৬ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ১৩৬ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ৪৩৮টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬৯৪ জন। জেলায় বর্তমানে ৪৯৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৪৭৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ২০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে গাংনী উপজেলার ২ জন ও মুজিবনগরে ১ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ৩৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯.০৯ শতাংশ। নতুন আক্রান্ত ৩ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন। এর মধ্যে সদর উপজেলার ৬০ জন, গাংনীর ৫৮ জন এবং মুজিবনগরে ২৬ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে। সারাদেশ: দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। টানা দুই মাস পর দেশে একশো জনের কম মৃত্যু দেখলো দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৯১৬ জনে। সর্বশেষ গত ২৬ জুন মাসে করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। গত শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮০ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪১ জন ও মহিলা ৩৯ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)