ছবির ক্যাপশন:
দর্শনা-মুজিবনগর মহাসড় উন্নয়নকাজের উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়ক (আর-৭৪৯) উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২৪ ফুট চওড়া দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের মেহেরপুর অংশের ৫ দশমিক ২ কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় প্রায় ২৪ কোটি টাকা ধরা হয়েছে। যা বাস্তবায়ন করবে সড়ক বিভাগ মেহেরপুর।
প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে জেল-জুলুম হুলিয়াসহ জীবন বাজি রেখে এ দেশকে মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু কখনো মৃত্যুকে ভয় পাননি, তিনি বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে তুলে দিয়েছিলেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সেই স্বপ্নের অংশ হিসেবেই স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরের উন্নয়ন হচ্ছে। মুজিবনগরকে দেশবাসী ও বিশ্বের দরবারে তুলে ধরার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম খান এবং সওজ, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগ মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
