ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা থেকে ফিরে এসএম শাফায়েত/সানভী: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দু’দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলার নজরুলের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি, দামুড়হুদা। ১ম দিনের উদ্বোধনী আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন), এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নজরুল ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। সাহিত্যের প্রতি তাঁর অকৃত্রিম অবদান চিরঅমলীন। আপনারা জায়গা দিলে কাজী নজরুলের স্মৃতি চিরস্বরণীয় করে রাখতে আপনাদের দাবি অনুযায়ী তাঁর বিচরণ ভূমি কার্পাসডাঙ্গায় স্মৃতি কমপ্লেক্স ও ভাস্কর্য স্থাপন করা হবে। তিনি আরো বলেন, যে ভাবে আমি নাটুদহের আটকবর স্মৃতি কমপ্লেক্স তৈরী করেছি, ঠিক সে ভাবে এখানেও নজরুলের নামে কমপ্লেক্স তৈরী করা হবে। এছাড়াও শিঘ্রই এতদাঞ্চলের প্রধান সড়কটি কাজী নজরুলের নামে নামকরণ করা হবে।
প্রধান আলোচক হিসেবে নজরুলের স্মৃতিচারণ করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ভাবক এইচ.এম সিরাজ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাইফের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার নিজাম উদ্দীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম.এ গফুর, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নজরুলের কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। আজ শুক্রবার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হবে।
