ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রুপার তৈরি গহনাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রোববার সকালে দর্শনা সীমান্ত এলাকার মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর থেকে এ রুপার গহনা জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৫৬ হাজার টাকা।
চোরাকারবারি নাজমুল (১৯) মোটরসাইকেলযোগে রুপার এ চালান পাচার করছিল। গোপন সংবাদ পেয়ে বড়বলদিয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নায়েক জুলহাস, সিপাহী বেলাল ও রুবেল এ অভিযান চালান। আটক চোরাকারবারি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
