মেহেরপুর গাংনীর তকিরুল হত্যা মামলা : স্বামী-স্ত্রীর যাবজ্জীবন জেল : বেকসুর খালাস ১০

আপলোড তারিখঃ 2017-05-23 ইং
মেহেরপুর গাংনীর তকিরুল হত্যা মামলা : স্বামী-স্ত্রীর যাবজ্জীবন জেল : বেকসুর খালাস ১০ ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের তকিরুল ইসলাম হত্যা মামলার আসামী একই গ্রামের আব্দুল জব্বার ও তার স্ত্রী বেলিয়ারাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা টি এম মুসা এক জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে ওই দন্ডাদেশ দেন। মামলার অপর ১০আসামি হাড়িয়াদহ গ্রামের ইনফারুল, আত্তাহার, মাহাতাব, আব্বাস, খবির, মহিদুল ও নূরু ফকির এবং ধানখোলা গ্রামের মাসুদ, বজলু ও আলাউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমান না হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক তাদের বেকসুর খালাস দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ জুলাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের খয়েরউদ্দিনের ছেলে তকিরুল ইসলাম রাতের খাবার খেয়ে রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরের দিন বেলা ১১টার দিকে হাড়িয়াদহ গ্রামের মাঠের মধ্যে তকিরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়। তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয় ও তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। ওই দিন নিহত তকিরুল ইসলামের বড়ভাই রমজান আলী বাদি হয়ে হাড়িয়াদহ গ্রামের কাবাতুল্লাহ’র ছেলে আব্দুল জব্বার ও আব্দুল জব্বারের স্ত্রী বেলিয়ারাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই গোলাম মোহাম্মদ মোট ১২ জনকে আসামি করে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এদিন আসামি আব্দুল জব্বার ও তার স্ত্রী বেলিয়ারাকে ওই সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজি শহিদুল এবং আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ও অ্যাডভোকেট রমজান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)