ছবির ক্যাপশন:
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের স্মরণে চুয়াডাঙ্গায় শোকসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রয়াত আরিফুল ইসলাম ডালিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সিনেমা হল রোড সংলগ্ন পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। শোকসভার পর সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের একটি সংগঠনের আয়োজনে এবং ওই সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে শোক সভার শুরুতে সাংবাদিক ডালিমসহ প্রয়াত সকল সদস্যের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করে শুরু হয় শোক সভার মূল আনুষ্ঠানিকতা।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাড. শরীফ উদ্দীন হাসু। তিনি বলেন, ‘ডালিমের এই অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাঁর শূণ্যতাও পূরণ হবার নয়। সাংবাদিক বন্ধু ছিলেন ডালিম। যেকোনো ছোট-বড় সাংবাদিকের বিপদে-আপদে ডালিমের ছিল সরব উপস্থিতি। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তাঁর ছিল শক্ত প্রতিবাদ।
ডালিম স্মরণে শোকসভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও গবেষক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। তিনি বলেন, একজন মানুষ কীভাবে হৃদয়ে বিচরণ করলে চোখে পানি আসে, তা বোঝানো যাবে না। ডালিমের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এই শোকসভায় উপস্থিত অনেকের চোখের কোণেই পানি চলে এসেছে। এ থেকেই বোঝা যায় ডালিম এসব মানুষদের হৃদয়ে কীভাবে জায়গা করে নিয়েছিল। ডালিমের কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। সংবাদপত্র জগতে ডালিমের নাম আষ্ঠেপিষ্ঠে লেগে আছে। প্রতিটি সংবাদের পৃষ্ঠায় পৃষ্ঠায় ডালিমের নাম লেপ্টে আছে। যা সহজেই ম্লান হবে না। ডালিমের নীরব উপস্থিতি রয়ে যাবে সবখানে।
দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি বলেন, ‘ডালিম আমার বয়সে ছোট হলেও তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। গতানুগতিক সংবাদধারা পিছনে ফেলে সংবাদ উপস্থাপনের ঢঙেও ছিল তাঁর ভিন্নতা। জেলার টেলিভিশন সাংবাদিকতার দৃশ্যপট পাল্টে দিয়েছে ডালিম। যার কারণে ডালিমের উপস্থিতি সবসময় বিরাজমান।’
ডালিমের কাজের মূল্যায়ন করতে গিয়ে দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি বলেন, ‘দৈনিক আকাশ খবরে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরুর পর থেকেই তাঁর কাজের নিষ্ঠতা আমাকে আপ্লুত করেছে। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। ডালিমের দেখানো পথ অনুসরণ করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করাতেই প্রয়াত ডালিমের সফলতা খুঁজে পাব।’
ডালিমের স্মৃতিচারণ করতে গিয়ে একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন বলেন, ‘সেই ছোট থেকেই ডালিমের সাথে আমার ওঠাবসা। একজন মানুষ কতটা প্রতিভাধর ও বিচক্ষণ হলে এরকম জায়গায় পৌঁছাতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। এসময়ে সমাজের আবর্জনা পরিস্কারে একজন ডালিমের খুব প্রয়োজন ছিল। কিন্তু অসমেয়ই আমরা তাঁকে হারিয়ে ফেললাম। এ অভাব কখনো পূরণ হবার নয়।’
সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শরীফ উদ্দীন, ডিবিসি নিউজের প্রতিনিধি জিসান আহমেদ, চ্যানেল এস-এর প্রতিনিধি সোহেল তানজিদ হিরো, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধিরু, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, ও জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর, ইউএনবির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম।
