ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু, মেহেরপুরে নতুন আক্রান্ত ১৬
করোনায় দেশে নতুন করে ১৫৯ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৫৬৬ জন
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জনের শরীরে। এনিয়ে সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। যা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের তুলনায় প্রায় দ্বিগুন। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৮৭৮ জনে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের শরীরে। গতকাল সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়ছেন। এ জেলায় গতকাল সুস্থ হয়েছেন আরও ৪৩ জন। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭২ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। গতকাল বৃহস্পতিবার সদর হাসপাতালের ইয়োলো জেনে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও হোম কোয়অরেন্টাইনে অবস্থানকালে করোনা উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৩ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১১৮টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৯৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.৯৬ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেরার ৬জন, আলমডাঙ্গার ৭ জন, দামুড়হুদার ৬ জন ও জীবননগরের ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে আরও ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৪৪২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হযেছে। মৃত্যুর পর নিহতদের শরীরে থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৩ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৫ হাজার ৪০১ টি, প্রাপ্ত ফলাফল ২৫ হাজার ৪৮৯টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৫৭২ জন। জেলায় বর্তমানে ৯২৭ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৮৮২ জন ও হাসপাতাল আইসোলেশনে ৪৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৩ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৩ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনীতে ৭ জন ও মুজিবনগরে ২ জন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১৪৮টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০.৮১ শতাংশ। নতুন আক্রান্ত ১৬ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২৪৬ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৩ জনের। এখন পর্যন্ত এ জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৮৬ জন।
সারা দেশ:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জনের শরীরে। এনিয়ে সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। যা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের তুলনায় প্রায় দ্বিগুন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৮৭৮ জনে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৪২৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২২৬টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে দুইজন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৬ জন ও মহিলা ৮৩ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।
