ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ পৃথক স্থান থেকে দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদেরকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় চৌধুরী পাড়ার মৃত বদর উদ্দিন সরদারের ছেলে খোকন সরদার (৫৬) ও একই এলাকার চুনুরিপাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে আখের আলী (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচে অভিযান চালান। এসময় খোকন সরদারকে আটকের পর তাঁর কাছ থেকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খোকন সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম মাথাভাঙ্গা ব্রিজের উত্তর পাশে অভিযান চালায়। এসময় ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আখের আলীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।
