ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পঁচা গরুর ভুড়ি, মাছসহ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
পঁচা গরুর ভুড়ি, মাছ, বাসি গ্রিল বিক্রয়, অবৈধ বিদেশি পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও ট্যাগবিহীন অবৈধ পণ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে দিকে জেলা শহরের তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তা মোড়ে অবস্থিত মেসার্স নিউ আল আমিন হোটেলে ফ্রিজে রক্তযুক্ত পঁচা গরুর ভুড়ি, মাছ, বাসি গ্রিল চিকেন একই সাথে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা এবং কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি না মানা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে এরুপ অপরাধ বা ভোক্তাদের সাথে খারাপ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে হোটেল বন্ধ করে দেওয়া হবে।
পরে শহরের মেসার্স গ্রিনফুডে অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রয়, তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা ও মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও ট্যাগবিহীন অবৈধ পণ্য রাখার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
