আ.লীগ এমপির মেয়েকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাপাত্তা

আপলোড তারিখঃ 2021-08-17 ইং
আ.লীগ এমপির মেয়েকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাপাত্তা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: রাজনীতির মাঠে বিরোধ আছে। আছে আদর্শগত মতপার্থক্য। কিন্তু প্রেম ভালোবাসা মানে না কুটিল রাজনীতি ও আদর্শগত মতপার্থক্যের বেড়াজাল। যুগে যুগে প্রেম অমর অবিনশ্বর। তাইতো প্রেমের টানে ঘর ছেড়েছেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপ্পু। তাঁদের এই অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর খবর ঝিনাইদহ শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। জানা যায়, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায় মায়ের বাসায় থাকতেন। প্রতিবেশী ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপ্পুর সাথে সোহেলীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ আগস্ট সন্ধ্যায় তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনার পর সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে সাজেদুর রহমান পাপ্পু ও একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন যাবত সোহেলীকে আসামিরা উত্যাক্ত করাসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। ১১ আগস্ট সন্ধ্যায় সোহেলীকে পাপ্পু ও তৌফিক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে বিল্লাল হোসেন লিটন বলেন, প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর অবস্থান ও সম্মান ক্ষণ্ন করার জন্য মেয়েকে অপহরণ করেছে। তিনি তাঁর মেয়ের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে আবেগজড়িত কণ্ঠে জানান, অপহরণের পর তাঁর মেয়ে বেঁচে আছে কি না, তা নিয়েও তিনি শঙ্কিত। তিনি তাঁর মেয়েকে অক্ষতভাবে উদ্ধারের দাবি জানিয়েছেন। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁদের অবস্থান নিশ্চিত শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটি অপহরণ নাকি প্রেমের সম্পর্কের জের ধরে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, তা সোহেলীকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে। মামলাটি ঝিনাইদহ সদর থানার এসআই আজিজুল ইসলাম তদন্ত করছেন। উল্লেখ্য, মহিলা এমপির কন্যা সোহেলীর ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তিনি সম্প্রতি ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসায় চাকরিও নিয়েছেন। অন্যদিকে সাজেদুর রহমান পাপ্পুর স্ত্রী শৈলকুপার একটি ডিগ্রি কলেজের শিক্ষক। এই দম্পত্তিরও সন্তান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)