ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চোরাই গরুসহ গরু চুরির কাজে ব্যহৃত একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ। গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রেলবস্তি এলাকার মৃত ইয়াছিনের ছেলে একাধিক মামলার আসামি দিলন (২৯), জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল (৩০), একই এলাকার রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৩৭) ও দর্শনা থানার মোবারাক পাড়ার মোক্তার আলীর ছেলে রকিবুল ইসলাম (৩৭)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকা থেকে একটি চোরই গরুসহ এক দল চোরচক্র ট্রাকযোগে চুয়াডাঙ্গার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বেল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত শেখ, আলতাফ হোসেন ও রাসেল রানা ফোর্স নিয়ে ডিঙ্গেদাহ বাজারে অবস্থান নেন। গোপন সংবাদ অনুযায়ী ওই ট্রাকটি আসলে তার গতিরোধ করেন উপস্থিত পুলিশের দলটি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বাকি চারজনকে একটি চোরাই গরুসহ গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে চুরির কাজে ব্যবহৃত সাতক্ষীরা-ট-১১-০২৪৬ নম্বরের একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গ্রেপ্তার এই আন্তঃজেলা চোর চক্রের লিডার হলো দিলন। তিনি ইতোপূর্বে গরু চুরির ৩৫ লাখ টাকা দিয়ে তাঁর শ্বশুরের নামে একটি ট্রাক কিনেছেন। যেটি দিয়ে চুয়াডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে আসছিলেন। এই দিলন চুয়াডাঙ্গাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় তাঁর তিন বছরের সাজা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
