ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান খোকন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, ২০২০-২০২১ অর্থবছরে সংশোধিত বাজেট এবং ২০১৯-২০২০ অর্থবছরের প্রকৃত আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ অর্থবছরে ২৮ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা প্রস্তাবিত বাজেট, ২০২০-২০২১ অর্থবছরের ২৭ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৯-২০২০ অর্থবছরে ২৫ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৩৫০ টাকার আয়-ব্যয়ের বাজেট সভায় উপস্থাপন করেন জেলা পরিষদের হিসাবরক্ষক আসলাম উদ্দিন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজি সাজিয়া আফরীন, সহকারী প্রকৌশলী আনিসা খানম, উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, মিজানুর রহমান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, খলিলুর রহমান, মাহবুবুর রহমান মোল্লা, শফিকুল আলম নান্নু, শফিউল কবির, সিরাজুল ইসলাম, তপন কুমার, আবু মুছা, রকিবুল হাসান, জাফর আলী, মোসাবুল ইসলাম লিটন, নুরুন্নাহার কাকলি, হাসিনা বেগম, কাজল রেখা, তানিয়া বেগম ও মিতা খাতুন উপস্থিত ছিলেন।
বাজেট সভায় শিক্ষাখাতে ২২ লাখ ৫০ হাজার টাকা, সংস্কৃতি বিষয়ে ১৮ লাখ টাকা, সমাজ কল্যাণখাতে ১৫ লাখ ৭৫ হাজার টাকা, অর্থনৈতিক কল্যাণ খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা, জনস্বাস্থ্য খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা, গণপূর্ত খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা, সাধারণ খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা ও রিজার্ভ খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাজেট অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘বাজেট আয়ের ওপর ব্যয় ধরা হয়ে থাকে। রাজস্ব ও উন্নয়ন খাতে যে আয়-ব্যয় এবারের বাজেটে ধরা হয়েছে, তা জনকল্যাণমুখী বাজেট বলে আমি মনে করি। এ বাজেটে জেলার মানুষের কল্যাণ হবে।’
