ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ইয়াবা সেবন করিয়ে নারীকে রাতভর ধর্ষণের ঘটনা
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে তালাকপ্রাপ্তা এক নারীকে ইয়াবা সেবন করিয়ে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে দুই ধর্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন ভিকটিমের মা পাতা বেগম। যার মামলা নম্বর ২৭/২০২১। মামলার আসামিরা হচ্ছেন- ঝিনাইদহ শহরের ট্যাংকিপাড়ার খোন্দকার মিজানুর রহমানের ছেলে মাহবুবুর রহমান ওরফে বিডিআর মিলন, আদর্শপাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে আশিকুর রহমান রোমেল ও শহরের পাগলাকানাই এলাকার ইজিবাইক চালক আলাউদ্দীনের মেয়ে সুমি আক্তার। মামলায় সুমি আক্তারকে ধর্ষণে সহায়তার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম।
এজাহারে বাদী অভিযোগ করেন, তাঁর মেয়ের বান্ধবী সুমি আক্তার গত মঙ্গলবার বিকেলে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার নাম করে তাঁর মেয়েকে শহরের পানি উন্নয়ন বোর্ডের পেছনে নিয়ে যান। সেখানে একটি বাড়িতে বিডিআর মিলন ও রোমেল ধর্ষণ করে। ওই বাসায় নিয়ে তাঁর মেয়েকে ইয়াবা ও গাঁজা সেবন করিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা দাবি করেন। গত বুধবার সকালে তাঁর মেয়ে বাড়ি ফিরে এসব তথ্য জানালে তাঁকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তথ্য নিয়ে জানা গেছে, বাদী-বিবাদী উভয় অন্ধকার জগতে চলাফেরা করে অভ্যস্ত। এর আগে আসামি সুমি আক্তার জনৈক প্রদ্যুৎ নামে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে আটক হয়। ধর্ষক আশিকুর রহমান রোমেল গত ৩ জুন শহরের মহিলা কলেজপাড়ার একটি বাসা থেকে নারী টিকটকার তুলির সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। বিডিআর মিলন শহরের শামীমা ক্লিনিকের সামনে থেকে ইয়াবাসহ ভ্রাম্যমাণ আদালতে ২৩ মাসের সাজাপ্রাপ্ত হয়। এই শোকে তাঁর পিতা খোন্দকার মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে কথিত আছে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বৃহস্পতিবার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ দুই ধর্ষক ও ধর্ষণে সহায়তাদানকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
