ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ৯ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মোট ২০ হাজার ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৬৩ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজন, করোনা উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের ও হোম কোয়ারেন্টাইনে একজনসহ করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মেহেরপুরে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোববার সদর হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুজন, ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় চারজন ও জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৪ জনে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ১৭৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৫৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১২.৮৪ শতাংশ। গতকাল নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও জীবননগরের ১১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে আরও ১৯৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৭৩৭ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল হাসপাতালের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে, ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। গতকাল জেলা সিভিল সার্জন অফিস জেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। গতকালই করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮০ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪ হাজার ২৪৭টি, প্রাপ্ত ফলাফল ২৪ হাজার ১৬০টি, পজিটিভ ৬ হাজার ৩৮৪ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৪৪৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৩৮৮ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৯ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। গতকাল জেলায় নতুন আক্রান্তদের ৩৯ জনের মধ্যে সদর উপজেলার ১৭ জন, গাংনীতে ১১ জন ও মুজিবনগরের ১১ জন রয়েছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত আরও ১৬৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.০৭ শতাংশ। নতুন আাক্রান্ত ৩৯ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৮২ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৫০ জন, গাংনী উপজেলায় ২৩৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৯৪ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৫৮ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৭০ জন, গাংনী উপজেলার ৫৩ জন ও মুজিবনগর উপজেলার ৩৫ জন রয়েছে।
সারাদেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৮৯৭ জনে। গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৮ জন ও মহিলা ১১৭ জন। যাদের মধ্যে বাসায় ১১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
