করোনাক্রান্ত মুমূর্ষু রোগীদের আর যেতে হবে না জেলার বাইরে

আপলোড তারিখঃ 2021-08-08 ইং
করোনাক্রান্ত মুমূর্ষু রোগীদের আর যেতে হবে না জেলার বাইরে ছবির ক্যাপশন:
সকল প্রতীক্ষার অবসান, চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন সরকারিভাবেও আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে- এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা কল্পনা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ছয় শয্যার ইনসেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ফিতা কেটে আইসিইউ ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন করেন। এদিকে, গতকাল রাতেই রেড জোন থেকে একজন মূমূর্ষ রোগীকে আইসিইউ ইউনিটে ও তিনজনকে এইচডিইউ ইউনিটে নেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গায় সাজেদা ফাউন্ডেশনের ছয় শয্যার আইসিইউ ইউনিট ও আট শয্যার এইচডিইউ ইউনিট স্থাপন কাজ সম্পন্ন করেছে। তা ছাড়া সরকারিভাবেও এই হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জেলায় আইসিইউ কার্যক্রম শুরু হওয়াটা জেলাবাসীর জন্য একটি খুশির খবর। এখন থেকে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের আর জেলার বাইরে যেতে হবে না।’ জানা যায়, গত ২৬ জুলাই আইসিইউ সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সামগ্রী নিয়ে চিকিৎসক, নার্সসহ ৪৪ জনের জনবল সদর হাসপাতালে পৌঁছায় সাজেদা ফাউন্ডেশনের একটি দল। সেদিন থেকেই সদর হাসপাতালের কোভিড ইউনিটের চতুর্থ তলায় আইসিইউ স্থাপন কার্যক্রম শুরু করে তাঁরা। গত ৩১ জুলাই শনিবার থেকেই আইসিইউ ইউনিটে রোগী সেবা দেওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক জটিলতায় তা পিছিয়ে ছিল আরও কয়েক দিন। তবে সকল জটিলতা কাটিয়ে গতকাল শনিবার সকালে আইসিইউ ইউনিট ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল থেকেই এই দুই ইউনিটে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অবস্থিত সাজেদা ফাইন্ডেশনের এইচডিইউ ইনচার্জ ইয়াসিন আরাফাত বলেন, ‘এই হাসপাতালে ছয় শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট ও আট শয্যাবিশিষ্ট এইচডিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। আমরা গত শুক্রবার থেকেই রোগীদের সেবা দিতে প্রস্তুত ছিলাম। আজ করোনা ইউনিটের রেড জোন থেকে তিনজনকে এইচডিইউ ইউনিট ও একজনকে আইসিইউ ইউনিটে নেওয়া হবে। আইসিইউ ও এইচডি ইউনিটের জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন সহকারী, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহকসেবী ও ১ জন হিসাবরক্ষক থাকবেন। এই আইসিইউ ও এইচডিইউ ইউনিটে ভেন্টিলেশন ব্যবস্থা, হাইফ্লো মেশিন ও বাইপ্যাট মেশিন ব্যবস্থা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু তারেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালট্যান্ট ডা. আকলিমা খাতুন, জুনিয়র কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দীপক কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)