ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রেল বাজারে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসি মালিক শেখ মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রেলবাজারে তাঁর ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৫৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত শেখ আনোয়ার হোসেন (৪৮) চুয়াডাঙ্গা বড় মসজিদ পাড়ার মৃত আলতাফ হোসেন শেখের ছেলে। আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ ফোর্স নিয়ে রেলবাজারে ওষুধ ফার্মেসি হোসেন মেডিকোয় অভিযান চালান। এসময় ফার্মেসির মালিক শেখ আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৫৭ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আনোয়ার হোসেনকে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
