ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে ফয়সাল মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে ফয়সালকে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। শরীরে সাপের বিষের যন্ত্রণা শুরু হলে তাঁর ঘুম ভেঙে যায়। এরপর তিনি তাঁর মাকে জানান তাঁর শরীরের ভেতর কেমন জানি লাগছে। ফয়সালের রুমে কিছু সময় থাকার পর তাঁকে স্বাভাবিক মনে হলে তাঁর মা ঘরে ফিরে যায়। তখনও কেউ বুঝতে পারেনি তাঁকে সাপে কেটেছে। সকালে ঘুম থেকে ছেলের উঠতে দেরি হওয়ায় মা রুমে যেয়ে দেখেন ফয়সালের মুখ দিয়ে লালা ঝরছে।
এরপর পরিবারের লোকজন তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। নিহত ফয়সাল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়ার আসির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, নিহতের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী।
