ছবির ক্যাপশন:
জীবননগরে করোনাকালীন সময়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে করোনাকালনি এই সময়ে স্বাস্থ্যবিধি না মেনে বিবাহ অনুষ্ঠানের আয়োজন ও গণজমায়েত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন।
জানা গেছে, গতকাল বুধবার জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আলী আজমের কন্যা বৃষ্টি খাতুনের সাথে একই উপজেলার হাবিবপুর গ্রামের বখতিয়ার মাস্টারের ছেলে নাসিম উদ্দীনের পারিবারিকভাবে বিবাহের দিন ধার্য করা ছিল। কিন্তু এই লকডাউন উপেক্ষা করে সরকারি নির্দেশনা অমান্য করে বিবাহ অনুষ্ঠানে গণজমায়েতের অভিযোগে সাবেক কাউন্সিলর খন্দকার আলী আজমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে নির্বাহী ম্যাজিস্টেটের গাড়ি আসা দেখে আগত বর, বরযাত্রী, কাজীসহ আমন্ত্রিত অতিথিরা খাবার ফেলে পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম।
