ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
গাংনী উপজেলার ধানখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। অসুস্থতাজনিত কারণে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গাংনী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ধানখোলা ইউনিয়ন ‘ক’ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি কিডনি ও আলসার সদস্যায় ভুগছিলেন। রাজশাহী মেডিকেলের এক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে নিয়ে স্বজনরা বাড়ি থেকে বের হন। কিন্তু গাংনী শহরে পৌঁছানোর আগেই অসুস্থতা বেড়ে গেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল রাতেই জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ধানখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২০২১ সালে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। পরে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন। তবে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়। মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গাংনীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
