ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ চোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল চুরি করে পালানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়। খবর পেয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের সার্বিক সহায়তায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে আটক করে আইনের আওতায় আনতে মাঠে নামে। এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস একটি টিম জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারসহ চোরকে আটক করেছে বলে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যায়।
এ বিষয়ে সদর থানার এক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে বিস্তারিত আজ বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
