ছবির ক্যাপশন:
ছেলে হত্যার বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে চুয়াডাঙ্গায় মা রোজিনার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ছেলে হত্যার সুষ্ঠু বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রোজিনা খাতুন নামের এক নারী। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রোজিনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের প্রবাসী আসাদুল ইসলামের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোজিনা খাতুন বলেন, ‘কয়েকদিন আগে আমি একটি গরু বিক্রি করি এবং আমাদের এলাকার মেম্বর নূহনবী তা জানতে পেরে আমার কাছে চাঁদা দাবী করে। কিন্তু আমি তাঁদেরকে চাদা দিতে অস্বীকার করি। গত শনিবার (২৬ জুন) বিকেলে আমার ছেলে আবির হোসেন (১১) খেলাধুলা করতে বাড়ির বাইরে যায়। এসময় মিনাপাড়ার মেম্বর নূহনবীর ইশারায় তার ছেলে হামীম (১৫) ও একই এলাকার মিরাজের ছেলে মুজাহিদ (১৬) পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলযোগে আমার ছেলেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
সন্ধ্যা হয়ে এলেও ছেলে বাড়িতে না ফেরায় আমরা তাকে খোঁজাখুজি শুরু করি। খোঁজাখুজির একপর্যায়ে হামীম ও মুজাহিদ সন্ধ্যার পরে আমার স্বামীর মোবাইলে কল করে আবিরের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবী করে। তখনও আমরা তাদের কথায় কোনোরুপ কর্ণপাত ও বিশ্বাস না করে এলাকায় খোঁজাখুঁজি করার সময় জানতে পারি আমাদের এলাকার মেম্বার নূহনবীর ছেলে হামীম ও মিরাজের ছেলে মুজাহিদ আমার ছেলেকে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে আটকিয়ে রেখেছে। এই খবর পাওয়ার পর আমরা মেম্বর নূহনবীর বাড়ীতে গেলে নূহনবী ও তার লোকজন আমার দেবর ও ভাইদেরকে গালিগালাজ ও মারপিট করে। এসময় তাঁরা আমাদেরকে হত্যার হুমকিও দেয়। আমরা নূহনবীর ভয়ে বাড়িতে এসে পুলিশকে খবর দিই এবং পুলিশকে সঙ্গে নিয়ে পূনরায় মেম্বার নূহনবীর বাড়ীতে যায়। এরই মধ্যে হামীম ও মুজাহিদ আমার ছেলে আবিরকে শ্বাসরোধ করে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে বাড়ীতে চলে আসে। আমরা পুলিশের সঙ্গে মেম্বারের বাড়ীতে পৌঁছে জানতে পারি হামীম ও মুজাহিদ ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে। পুলিশ ঘর থেকে বাহির করে আবিরের কথা জিজ্ঞাসা করলে তাঁরা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে তারা আমার ছেলে আবিরকে অপহরণ করেছে এবং মাঠের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে।
ওইদিন রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মাঠের ভেতর থেকে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা উক্ত আসামীগণ হামীম ও মুজাহিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিই। তখন হামীমের পিতা মেম্বার নূহনবী ও মুজাহিদের পিতা মিরাজ বিভিন্নভাবে আমাদেরকে ফোন করিয়া বিভিন্ন রকমের হুমকি-ধামকী এবং খুন করিবার ভয়-ভীতি প্রদর্শন করে এবং মামলা দায়ের করিতে বাধা প্রদান করে। তাদের বাধা অবজ্ঞা করে আমরা মামলা দায়ের করার পর থেকে তারা আমাদেরকে জানমালের হানীসহ খুন জখমের হুমকি-ধামকী এবং আমাদের বাড়ি ঘরে বোম মারিয়া উড়াইয়া দিবে মর্মে প্রকাশ করছে। নূহনবী ও মিরাজ এলাকার প্রভাবশালী লোক এবং তারা বিভিন্ন প্রকার সন্ত্রাসী ও চাঁদাবাজী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় গ্রামের লোকজন তাদের বিরুদ্ধে কোনোরকম মুখ খুলিতেছে না। এমতাবস্থায় আমি আমার সন্তানের হত্যাকারী হামীম ও মুজাহিদ এবং এদের সাথে জড়িত থাকা সকল আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আমরা যাহাতে এলাকার সুষ্ঠুভাবে চলাচল এবং শান্তিপূর্ণভাবে বসবাস করা দুষ্কার হয়ে পড়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজিব আহমেদ, উজ্জল হোসেন, সাব্বির হোসেন, সরিষাডাঙ্গার মেম্বার প্রার্থী আলমগীর হোসেন, ডিশ ব্যবসায়ী আক্তার উজ্জামান আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ জুন এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে পঞ্চম শ্রেণির ছাত্র আবির হোসেনকে (১১) অপহরণ করা হয়েছিল। অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের টাকা দিতে চাইলেও সন্তানকে বাঁচাতে পারেননি মা। ওইদিন মধ্যরাতে স্থানীয় একটি পাটক্ষেতে শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে দিয়ে যায় দুষ্কৃতিকারীরা। নিহত শিশু আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। বর্তমানে আসাদুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন তার বাবা রেজাউল হকের বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়াতে থাকেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ষোলটাকা ইউনিয়নের সদস্য (মেম্বার) নুহনবীর ছেলে স্কুলছাত্র হামিম হোসেন (১৫) ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
