এক সপ্তাহে ৩ লাখের বেশি টাকা জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
এক সপ্তাহে ৩ লাখের বেশি টাকা জরিমানা আদায় ছবির ক্যাপশন:
লকডাউনে চুয়াডাঙ্গা জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের লকডাউনে চুয়াডাঙ্গায় ৩৩৮ জনের কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার ৯৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ১৯ জুন থেকে গতকাল ২৬ জুন শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ জরিমানা করেছেন। লকডাউনে কঠোর অবস্থানে থেকে প্রশাসন গত এক সপ্তাহে মোট ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়াও এসব মোবাইল কোর্টে একজনকে ২দিন, ৩জনকে ৩দিন ও একজনকে ৫দিনের কারাদণ্ডসহ ৬৫টি ইজিবাইক ও ১টি টিভি জব্দ করে প্রশাসন। এদিকে, গতকাল শনিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ লকডাউনে থাকা এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসব মোবাইল কোর্টে ৩৩টি মামলায় ৪২ জনকে ৪৯ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, সংক্রমণ রোধে প্রশাসনের ঘোষিত চুয়াডাঙ্গা সদর পৌরসভা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা ও জীবননগর উপজেলা এলাকায় লকডাউন চলছে বেশ কয়েকদিন ধরে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ লকডাউনে কঠোর অবস্থানে আছে প্রশাসন। মোবাইল কোর্টে জরিমানার পাশাপাশি করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। প্রশাসন স্পষ্টভাবে বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনোভাবেই ঢিলেঢালা লকডাউন হবে না। করোনার সংক্রমণ হার বৃদ্ধির খবরে মানুষের মধ্যে কিছুটা ভীতিও দেখা গেছে। পুলিশ ও প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। শহরের সড়ক মোড় থেকে পাড়ার অলিগলি সবখানেই সক্রিয় ছিল প্রশাসন। প্রশাসনের সক্রিয়তায় সড়কে লোকজনের উপস্থিতি ছিল তুলনামুলক। বাজারঘাটেও তেমন মানুষজনকে দেখা যায়নি। তারপরও যারা লকডাউন উপেক্ষা করে বাইরে বের হয়েছিল তাদেরকে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের বাঁধার মুখে পড়তে হয়েছিল। সেখানে সদুত্তোর দিতে না পারায় গুণতে হয়েছে জরিমানা। অনেককে ফেরত পাঠানো হয় বাড়িতে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, এখন কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা মোটেও কম নয়। এতো সচেতনতামূলক কার্যক্রম ও আক্রান্তের সংখ্যা বাড়া সত্ত্বেও যাঁরা দায়িত্বজ্ঞানহীনতার কাজ করছেন, তাঁরা মোটেও সচেতন নাগরিক নয়। তাই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকতে হবে। প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনী মাঠে আছে। কাজহীন মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণও শুরু হয়েছে। আমরা চাই, করোনা সংক্রমণ কমে আসুক এবং লকডাউন উঠে যাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)