ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার বিভিন্ন স্থানে লকডাউন অমান্যকারী চারজনকে ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ। গতকাল শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় উপজেলাজুড়ে ১৪ দিনের লকডাউনের ঘোষণা করে উপজেলা প্রশাসন। লকডাউন না মেনে অযথা বাইরে চলাচল করার আপরাধে দণ্ডবিধির ১৮৬০-এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ৪টি মামলায় নগদ ৩ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানার পুলিশ।
এসময় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ বলেন, লোকজন বিনা প্রয়োজনে দোকানে বসে আড্ডা দিচ্ছিল। মোবাইল কোর্টের গাড়ি দেখে পাশের বিশাল পুকুরের পানিতে ঝাপ দিয়েছেন ৮ জন। এরপর সাতরিয়ে অন্য পাশে চলে যান। কয়েকজন যারা দোকানে ছিল, তাঁদের দণ্ড দেওয়া হয়েছে। অনেকেই সরকারি নির্দেশনা মেনে ঘরে আছেন। অল্প কিছু লোক নির্দেশনা না মেনে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। তাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রশাসনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
