আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কাবিলনগর থেকে গাঁজাসহ মিঠু (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মিঠু মণ্ডল কাবিলনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কাবিলনগর গ্রামের মিঠু মণ্ডল দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তাঁর কাছ থেকে গাঁজা নিয়ে যেত বলে পুলিশের কাছে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে তিয়রবিলা ক্যাম্প পুলিশ গতকাল শুক্রবার তিয়রবিলা গ্রামের মেসবার চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মিঠুকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটক মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
