ছবির ক্যাপশন:
জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির জরুরি সভা
মানুষের নিরাপত্তায় যা যা করার দরকার, সব ব্যবস্থা করা হবে -এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আজ থেকে (২৩ জুন) জীবননগরে ১৪ দিনের ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। ‘লকডাউন’ না মানলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘অর্থের চেয়ে মানুষের জীবনের মূল্যে অনেক বেশি। বেঁচে থাকলে সবাই অর্থ সম্পদ করতে পারবে। তাই আমাদের সকলের উচিৎ নিজ নিজ দায়িত্বে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। করোনাভাইরাসের মতো একটি মারাত্মক ভাইরাসের কাছে কোনো মানবতা নেই। যেখানে লোকসমাগম বেশি, সেখানে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে। জীবননগর শহরের মধ্যে কোনো লোকসমাগম করতে দেওয়া যাবে না। এ জন্য আম বাজারটি এখান থেকে তুলে অন্য কোথাও নিতে হবে। মানুষের নিরাপত্তার ক্ষেত্রে যা যা করার দরকার, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র কাঁচাবাজার ও মুদি দোকান খোলা থাকবে আর সব বন্ধ থাকবে। চিকিৎসার জন্য সকল চিকিৎসাকেন্দ্র ও ফার্মেসি খোলা থাকবে। প্রয়োজন ছাড়া কেউ বাজারে বেল হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আগামী বুধবার সকাল ৬টা থেকে ১৪ দিনের জন্য কঠোর ‘লকডাউন’ দেওয়া হলো।’
সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আকতার, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু প্রমুখ।
