চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন ‘লকডাউন’

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন ‘লকডাউন’ ছবির ক্যাপশন:
করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি : জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তি জারি, যান ও জনচলাচল বন্ধ লকডাউনের প্রভাবে কর্মহীনদের খাদ্য-সহায়তা দেওয়া হবে : ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় এবার চুয়াডাঙ্গার সদর পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে। পরবর্তী ৭ দিন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। গতকাল শনিবার বিকেলে আয়োজিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার। এসময় তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নিতে ২০ জুন (রোববার) সকাল ৬টা থেকে ২৬ জুন রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর পৌর এলাকা এবং আলুকদিয়া ইউনিয়ন এলাকায় এ লকডাউন করা হবে। এসময় সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে জরুরি পরিসেবার আওতাধীন পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একইসাথে ওই এলাকায় সকল দোকানপাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও মুদি দোকান সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। আর ওষুধের দোকান খোলা থাকবে সবসময়। লকডাউন মানাতে এলাকাগুলো তদারকি করবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এসময় লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে সরকারিভাবে খাদ্য-সহায়তা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জরুরি এ সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিকায়ক লে. কর্নেল খালেকুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনসহ জেলা কমিটির সদস্যরা। এদিকে, এ সভার সিন্ধান্তের আলোকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার এক গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউনের নির্দেশনা দিয়েছেন। গণবিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সকল ধরনের গণপরিবহন (অটো রিক্সা, সিএনজি, ইজিবাইক ইত্যাদি) ও জনচলাচল (মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, ভ্যান ইত্যাদি) বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, ঔষধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহণ এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা এর আওতাবহির্ভুত থাকবে। চুয়াডাঙ্গা জেলার সকল গরুর হাট এবং পান হাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (ঞধশবধধিু/ঙহষরহব) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না)। শপিংমলসহ অনান্য দোকানসমূহ (ছোট ছোট চায়ের দোকানসহ) বন্ধ থাকবে। দূরপাল্লার সকল বাস আবশ্যিকভাবে চুয়াডাঙ্গা টার্মিনাল থেকে ছেড়ে যাবে এবং শুধু চুয়াডাঙ্গা টার্মিনালে এসে যাত্রী নামাবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)