ছবির ক্যাপশন:
দামুড়হুদায় লকডাউন উপেক্ষা করে টাকার বিনিময়ে তাস খেলার অভিযোগ
প্রয়োজন ছাড়া বের হলেই কঠোর পদক্ষেপ -নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলাজুড়ে ১৪ দিনের লকডাউনের ৫ম দিনে লকডাউন উপেক্ষা করে চায়ের দোকানে বসে টাকার বিনিময়ে তাসখেলার অপরাধে ২ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২টি মামলায় ১৭ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার লক্ষীপুর গ্রামের রয়েল মণ্ডলের ছেলে বকুল (৪০) ও একই গ্রামের জনাব আলির ছেলে হান্নান (৫০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল শনিবার দিনভর এ অভিযান অব্যহত ছিল।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কঠোর লকডাউনের মধ্যে লক্ষীপুর গ্রামের রয়েল মণ্ডলের ছেলে বকুল ও একই গ্রামের জনাব আলীর ছেলে হান্নান চায়ের দোকানে বসে তাস খেলা করছিলেন। সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে গিয়ে সত্যতা মিললে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর (৩) ধারায় ২ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই দিনে সরকারি নির্দেশ অমান্য করে লকডাউনের ভেতরে অযথা বাইরে চলাফেরা করার অপরাধে দণ্ডবিধি সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ২৬৯ ধারায় ১২টি মামলায় ১৭ হাজার ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, ১৪ দিনের লকডাউনে উপজেলা নির্বাহী অফিসার যে নির্দেশনা দিয়েছেন, তা অবশ্যই জনগণের মেনে চলতে হবে। তাতে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অযথা বাইরে বের হবেন না। দোকানে বসে আড্ডা দিবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে আইনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
