ছবির ক্যাপশন:
ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার আরও ১৭৫টি ভূমিহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর। আগামী ২০ জুন এসব পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে ঘরের চাবি ও জমির দলিলপত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর মধ্যে সদর উপজেলায় ৫০টি, আলমডাঙ্গা উপজেলায় ৪৫টি, দামুড়হুদা উপজেলায় ৩০টি ও জীববনগর উপজেলায় ৫০টি পরিবার এবার পাচ্ছে এসব ঘর।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর নির্মাণের পাশাপাশি তাদের নামে জমির দলিল নিবন্ধন করে দিচ্ছে বর্তমান সরকার। এ কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলার ১ হাজার ১৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। তাদেরকে সরকারিভাবে ঘর নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে প্রথম ধাপে ১৩৪টি পরিবারের মধ্যে নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ১৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর বাবদ খরচ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।’
নজরুল ইসলাম সরকার আরও জানান, আগামী ২০ জুন (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
একইসাথে জেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে আরও ৪৪টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬টি পরিবার, আলমডাঙ্গা উপজেলায় ৬টি ও জীবননগর উপজেলায় ৩টি ঘর প্রস্তুত করা হয়েছে। ক্ষুদৃ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য নির্মিত ২০টি পরিবারের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫টি, আলমডাঙ্গা উপজেলায় ৫টি, দামুড়হুা উপজেলায় ৫টি ও জীবননগর উপজেলায় ৫টি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি উদ্যোগে নির্মিত ৯টি গৃহের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২টি, দামুড়হুা উপজেলায় ১টি ও জীবননগর উপজেলায় ৬টি ঘর নির্মাণ করা হয়েছে। যা একইসাথে হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমানসহ সহকারী কমিশনাররা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভির প্রতিনিধি বিপুল আশরাফ, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডেইলি অবজারভার প্রতিনিধি আবুল হাশেম, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি প্রমুখ।
