ঝিননাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রকাশ করার অপরাধে মেহেদী হাসান মিশা নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। বর্তমানে মিশা কারাগারে থাকলেও তালাক হয়ে গেছে ওই গৃহবধুর। বর্তমানে পিতার বাড়িতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগি গৃহবধুর পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার ভাটই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করার সময় ভাটই গ্রামের ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শবর্তী দুধসর গ্রামের বসির মাস্টারের ছেলে মেহেদী হাসান মিশা। বিষয়টি জানাজানি হওয়ার পর ৩ বছর আগে ওই মেয়েকে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। গত বছরের ৮ জানুয়ারি ওই মেয়ে বাবার বাড়িতে এলে বখাটে মিশা ঘরে প্রবেশ করে মোবাইলে জোরপুর্বক আপত্তিকর ছবি তোলে। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জীবনের ভয়ে সে সময় মেয়েটি মুখ খোলেনি। বখাটে মিশা ওই মেয়েটিকে অনৈতিক শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে মেয়েটি অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মিশা ফেসবুকে ভুয়া আইডি খুলে আগে থেকে ধারণকৃত আপত্তিকর ছবি প্রকাশ করে দেয়। এ ঘটনার পর মেয়েটির স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে গত ৬ জুন তার মা বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরর পর ওই দিনই আসামী মিশাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে।
