মাথায় আঘাতের চিহ্ন নিয়ে কয়েদির মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-06-13 ইং
মাথায় আঘাতের চিহ্ন নিয়ে কয়েদির মৃত্যু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কারাগারে থাকা রবিউল ইসলাম (৪৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত এবজন কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগে নেওয়ার পর তাঁর মাথার বাম পাশে একটি আঘাতের চিহ্ন দেখা যায়। তবে জেল কর্তৃপক্ষ বলছে কারাগারের বাথরুমের ভেতরে খিচুনি শুরু হলে ফ্লোরের ওপর পড়ে গিয়ে ওই কয়েদি মাথায় আঘাতপ্রাপ্ত হন। নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নিহত কয়েদি রবিউলের ভাই বিশু মিয়া বলেন, ‘তিনমাস পূর্বে মেহেরপুরে গাঁজাসহ আটক হলে রবিউলের ১ বছরের জেল হয়। গত মাসে মেহেরপুর কারাগার থেকে রবিউলকে চুয়াডাঙ্গা কারাগারে স্থানান্তরিত করা হয়। কারাগার থেকে ফোনের মাধ্যমে আমাদের রবিউলের মৃত্যুর বিষয়ে জানানো হয়। তারা জানান টয়লেটের মধ্যে পড়ে যেয়ে তিনি আহত হন। পরে কারাগার কর্তৃপক্ষ রবিউলকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।’ এবিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘কারাগার থেকে রবিউল ইসলাম নামের এক কয়েকদিকে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগে নেয় কারাগার কর্তৃপক্ষ। রবিউলের মাথায় একটি আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউলের ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা দিচ্ছিলেন এমন সময় তাঁর মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ থেকে জেনেছি রবিউল এপিলেপসি বা খিচুনি রোগে আক্রান্ত ছিলেন। টয়লেটের মধ্যে পড়ে তাঁর মাথায় জখম হয়। এসময় কারাগার কর্তৃপক্ষ রবিউলকে জরুরি বিভাগে নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে বিকেলে মেডিকেল বোর্ড গঠন করে নিহত রবিউলের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মেডিকেল বোর্ডের মাধ্যমে রবিউলের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানানো হবে।’ গতকাল দুপুরের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রবিউলের লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। বিকেলে মেডিকেল বোর্ডের মাধ্যমে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, একটি মাদক মামলায় মেহেরপুর থেকে রবিউল ইসলাম নামের একজন আসামির এক বছরের সাজা হয়। গত ১৫ মে তাঁকে মেহেরপুর কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়। আজ শনিবার (গতকাল) বেলা ১১টার দিকে জেলখানার অভ্যান্তরের একটি বাথরুমে পড়ে যান রবিউল। এতে তাঁর মাথায় আঘাত লাগলে তাঁকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর রবিউলের মৃত্যু হয়েছে। এদিকে, গতকালই ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)