ছবির ক্যাপশন:
মুজিবনগরে গাঁজা সেবন করতে নিষেধ করায় ক্ষেপে গেলেন মাদকসেবী : বাগবিতণ্ডার একপর্যায়ে
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগরে মাদকসেবী মনিরুল ইসলামের ধারালো হাঁসুয়ার কোপে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয় জনগণ পিটিয়ে ওই মাদকসেবী মনিরুল ইসলামকে হত্যা করেছে। গতকাল শনিবার বেলা ১১ দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জাদুখালী নদীর পাড়ের একটি বটগাছের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের কেরু মিয়ার ছেলে ও মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম (৩৩) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মনি (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মনিরুল ইসলাম মনি জাদুখালী নদীর পাড়ের বটগাছের নিচে বসে গাঁজা সেবন করছিলেন। এমন সময় সাইদুল ইসলাম তাঁকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মনিরুল ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা একটি ধারালো হাঁসুয়া দিয়ে সাইদুলকে কুপিয়ে হত্যা করেন। এসময় স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হলে মনিরুল পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী তাঁকে ধরে গণপিটুনি দেয়। আর গণপিটুনিতে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়াও ঘটনার খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মো. মনসুর আলম খান ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ দুটিকেই উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে, নিহত সাইদুলের লাশ ময়নাতদন্তের পর গতকাল এশার নামাজের পর যতারপুর গ্রামের স্কুলমাঠে জানাজা শেষে যতারপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। অপরদিকে, একই কবরস্থানে মনিরুলের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
